বাংলাদেশের ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের পেশাদার সংগঠন ‘বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস)’-এর ১১তম দ্বিবার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে ২০২৬, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিসিপিএসের আজীবন, সাধারণ, অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও ট্রেইনি সদস্যগণ উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে ‘কম্পিটেন্সি বেইজড ক্লিনিক্যাল সাইকোলজি’ বিষয়ক একটি সিপিডি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও বিসিপিএসের সাধারণ সম্পাদক ড. মোঃ শাহানূর হোসেন। ওয়ার্কশপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএসের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার, কার্যনির্বাহী সদস্য ড. তরুণ কান্তি গায়েন, সাধারণ সদস্য সালমা পারভীন এবং আইইউবিএটি-এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান।
সম্মেলনে ‘মেম্বার ভয়েস’ নামক একটি বিশেষ সেশনে বিসিপিএস সদস্যরা সংগঠনের অগ্রগতি ও কার্যকারিতা বৃদ্ধিতে তাদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিসিপিএসের সাধারণ সম্পাদক ড. মোঃ শাহানূর হোসেন বিগত কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মিসেস জোবেদা খাতুন অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সম্মেলনের শেষ পর্বে একটি নির্বাচনী সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো. মেজবাউল ইসলাম। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন এবং আগামী ২ বছরের জন্য নিম্নলিখিত নতুন কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে বিসিপিএস পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার অগ্রগতিতে আরও সংগঠিত ও ফলপ্রসূভাবে কাজ করে যাবে।